বিশৃঙ্খলা করলেই শাস্তি: ছাত্রলীগকে হাসিনা
ঢাকা, এপ্রিল ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলা করলেই কঠোর শাস্তি পেতে হবে বলে মঙ্গলবার ছাত্রলীগ নেতাদের হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
বাংলা নববর্ষ উপলক্ষে ছাত্রলীগ নেতারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে তিনি তাদেরকে এ হুঁশিয়ারি দেন।
ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রিপন পোদ্দার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সভাপতি মাহমুদ হাসান রিপন ও সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৫ জন কেন্দ্রীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবনে দেখা করেন।
ছাত্রলীগের আরেক যুগ্ম সম্পাদক ইকবাল মাহমুদ বাবুল জানান, শেখ হাসিনা ছাত্রলীগ নেতাদের সাবধান করে বলেছেন, যারা বিশৃঙ্খলা করবে তাদের কঠোর শাস্তি পেতে হবে। প্রয়োজনে পাঁচ বছরের জন্য কারাভোগের শাস্তিও হতে পারে। আর যারা ভাল কাজ করবে তাদের জন্য রয়েছে পুরস্কার এবং যারা ষড়যন্ত্রে লিপ্ত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।
বাবুল আরো জানান, ছাত্রলীগের এক নেতার কথা প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেছেন, যারা বিশৃঙ্খলায় ইন্ধন যুগিয়েছে তাদেরও মাফ করা হবে না, কঠিন শাস্তি হবে।
গত ৪ এপ্রিল ছাত্রলীগের সাংগঠনিক নেত্রীর পদ ছেড়ে দেন শেখ হাসিনা। দৃশ্যত ক্ষোভ থেকে এর পর থেকে কয়েকদিন তিনি ছাত্রলীগ নেতাদের বার বার চেষ্টা সত্ত্বেও কারো সঙ্গে দেখা করেননি।
এরপর গত ১০ এপ্রিল ছাত্রলীগের দুই শীর্ষ নেতা শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন বলে দাবি করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার 'পরিবেশ বিঘেœর' অভিযোগে গত রোববার গভীর রাতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আশরাফুর রহমান ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সোহেল রানা মিঠুকে গ্রেপ্তার করে র্যাব।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/এজে/জিএনএ/১৬০৭ ঘ.
সৌযন্যেঃ বিডি নিউজ টোয়েন্টিফোর ডটকম